সন্ধান২৪.কম : ভূয়া এতিমখানা দেখিয়ে এতিমদের নামে বরাদ্দকরা অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারীদের প্রত্যক্ষ যোগসাজসে বছরের পর বছর ধরে এসব অর্থ আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ।
এ বছর নওগাঁর মহাদেবপুর উপজেলার ৩৪টি এতিমখানায় মোট ৭৫১জন এতিমের প্রত্যেকের জন্য প্রতিমাসে দুই হাজার টাকা করে গত ৬ মাসের জন্য মোট ৯০ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়। উপজেলার হাতুড় ইউনিয়নের সমাসপুর মরহুমা সোনাভান খানম স্মৃতি বেসরকারি শিশু সদনে ৬ জন এতিমের জন্য বরাদ্দ করা হয় ৭২ হাজার টাকা।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে একদল সাংবাদিক সমাসপুর গ্রামে গিয়ে পুরো গ্রাম ঘুরে ঘুরে দেখেও ওই নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিস্ত খুঁজে পাননি। গ্রামের বৃদ্ধ মানুষেরাও ওই নামে কোনো এতিমখানার নাম শোনেননি বলে জানান। ওই মোকসেদ আলী জানান, মরহুমা সোনাভান খানম হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আকবর আলীর মা।
চেয়ারম্যান আকবর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তাঁর ভাতিজা আতাউর রহমান জানান, তিনি নিজে চেয়ারম্যানের প্রতিষ্ঠিত সমাসপুর ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা ও শিশু সদনের দেখাশোনা করেন। এখানেই কথিত মরহুমা সোনাভান খানম স্মৃতি বেসরকারি শিশু সদনের কাজ চালান বলে জানান।
তিনি জানান, ১৬ বছর আগে এই মাদরাসাটি স্থাপন করা হয়। কয়েক বছর আগে এতিমখানাটি চালু করায় তার নতুন কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি। এতিমখানার জন্য নতুন কোনো ভবন বা ঘরও নির্মাণ করা হয়নি। বর্তমানে এখানে মোট ৬ জন এতিম রয়েছে বলেও তিনি দাবি করেন।
উপজেলা সমাজসেবা কর্তকর্তা জানান, বর্তমান অর্থ বছরে কোনো বরাদ্দ আসেনি। বিগত অর্থ বছরে ছয় মাসের ভাতা এখনও প্রদান করা হয়নি। আমি গত জুলাই মাসের ২ তারিখে এই উপজেলাই বদলি হয়ে এসেছি। যে প্রতিষ্ঠান নিয়ে অভিযোগ উঠেছে ক্ষতিয়ে দেখার পর বিষয়টি বলতে পারব। নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ বলেন, ভুল হয়ে থাকলে ওই প্রতিষ্ঠানের নামে বরাদ্দ বাতিল করা হবে।
