মসজিদটি গ্যাস লাইনের ওপর , অনুমোদন কে দিল? প্রধানমন্ত্রীর প্রশ্ন, মৃত্যু ২৫

 

সন্ধান২৪.কম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ওই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

 রবিবার সংসদে সদ্যঃপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং একাদশ জাতীয় সংসদের সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন ও ইসরাফিল আলমসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশগ্রহণকালে সংসদ নেতা এ কথা বলেন।

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফরণের ঘটনায় আবুল বাশার (৫১) নামে আরো একজনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

শেখ হাসিনা বলেন, আমি নারায়ণগঞ্জের মসজিদে ওই বিস্ফোরণের কারণ উদ্ঘাটনের জন্য মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়ে যাওয়ায় খুব শিগগিরই কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা বেরিয়ে আসবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করছেন।

তিনি আরো বলেন, বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করা হয়েছে।

এ সময় সংসদ নেতা একটি গ্যাসের পাইপলাইনের ওপর মসজিদ নির্মাণের অনুমোদন অথবা এমন একটি ছোট জায়গায় ছয়টি এয়ারকন্ডিশনারে বিদ্যুৎ সংযোগের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, এমন একটি ছোট জায়গায় ছয়টি এয়ারকন্ডিশনার স্থাপন করা হয়েছে। পাশাপাশি মসজিদটি একটি পাইপলাইনের ওপর নির্মিত হয়েছে বলে জানা গেছে। সাধারণত গ্যাস পাইপের ওপর কোনো ধরনের স্থাপনা নির্মাণের অনুমতি নেই। রাজউক কি এই অনুমোদন দিয়েছে? কোনো প্রতিষ্ঠানই এই অনুমোদন দিতে পারে না। কারণ, তাহলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। এখন এ ব্যাপারে তদন্ত করা হবে।

 

Exit mobile version