সন্ধান২৪.কমঃ জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের কাছ থেকে জমাকৃত টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। এ ঘটনায় দুইপক্ষের পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
আহত বিদ্যাধরপুর গ্রামের ইউনুচ আলী (৭০), রাজু আহম্মেদ (২০), রেনুকা বেগমকে (৩৬) মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এদিকে, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল খালেক মাস্টারসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
গত ১৪ জানুয়ারি রাজশাহীর মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর মসজিদে জুমার নামাজের পর বিদ্যাধরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বিদ্যাধরপুর জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সঙ্গে বর্তমান কমিটির দীর্ঘদিন ধরে ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে বিরোধ চলছিল। মসজিদের উন্নয়নের লক্ষ্যে কমিটির সদস্যরা আব্দুল খালেক মাস্টারের কাছে ২ লাখ ৪০ হাজার টাকা জমা রাখেন। মুসল্লিসহ স্থানীয়রা খালেক মাস্টারের কাছে ঐ টাকা চাইলে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকেন।
শুক্রবার জুমার নামাজের পর কমিটির সদস্যরা খালেক মাস্টারে কাছে জমাকৃত টাকা চাইতে গেলে বাগবিতণ্ডা হয়। সংঘর্ষে দুইপক্ষের চার জন আহত হয়েছেন।