সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাটিক ও রিপাবলিক দলের পক্ষ থেকে ৪ বাংলাদেশি-আমেরিকান প্রার্থীর জয় হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশী-আমেরিকান শেখ রহমান,নাবিলা ইসলাম, মো. মাসুদুর রহমান এবং আবুল খান জয় লাভ করেছেন।
বিজয় অর্জনের জন্য ৪ বাংলাদেশি-আমেরিকান প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে তিনি ভোটারদেরও ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই ৪ বাংলাদেশি-আমেরিকান বহুজাতিক সমাজের উন্নয়ন ও কল্যাণের মধ্যদিয়ে প্রকারান্তরে বাংলাদেশের ইমেজকেই মহিমান্বিত করবেন। একইসাথে তারা তাদের মাতৃভূমির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও কাজ করবেন।
জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে তৃতীয় টার্মের জন্যে ডেমক্র্যাট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান।
নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে পঞ্চম মেয়াদের জন্য বিপুল ভোটে জয়ী হলেন পিরোজপুরের সন্তান রিপাবলিকান আবুল খান।
কানেকটিকাট স্টেট সিনেট নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মোহাম্মদ মাসুদুর রহমান বিপুল ভোটে জয়ী হলেন সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে। চাঁদপুরের সন্তান মাসুদ এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন।
আর জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী নাবিলা ইসলামও বিপুল ভোটে জয়ী হলেন। নোয়াখালীর সন্তান নাবিলা হলেন জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় বাংলাদেশী সিনেটর।
এ স্টেটে প্রথম মুসলমান সিনেটর হিসেবে ৬ বছর আগে নির্বাচিত হয়েছেন শেখ রহমান।
উল্লেখ্য, বাংলাদেশী-আমেরিকান ভোটারের ৮০ ভাগেরও অধিক হলেন ডেমক্র্যাট দলের সমর্থক।


