মাশরাফি ছাড়াই ওয়ানডে সিরিজ

সন্ধান২৪.কম : মাশরাফি এখন ফিট নেই। তাই এই সিরিজে তিনি খেলবেন না।চলতি মাসেই তিন দলের ওয়ানডে সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেখানে খেলতে পারবেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শ্রীলংকা সিরিজকে সামনে রেখে এক মাসের বেশি সময় ধরে ব্যক্তিগত ও দলীয় অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিরিজটি স্থগিত হওয়ায় আপাতত নিজেদের মাঝে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিক-মুমিনুলরা। আজ সোমবার থেকে শুরু হওয়ার কথা আরও একটি দুই দিনের ম্যাচ। 
জাতীয় দলের পাশাপাশি এইচপি দলকেও চলমান অনুশীলন ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে। কোভিড-১৯ পরীক্ষার পর এইচপি দল জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশ করবে। মূলত কন্ডিশনিং ক্যাম্পে থাকা ২৭ ক্রিকেটার ও এইচপি দলের ক্রিকেটারদের নিয়ে তিনটি দল গঠন করে ওয়ানডে সিরিজ খেলানোর পরিকল্পনা করছে বিসিবি। শনিবার সভা করে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও এইচপি চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় এমনটাই ঠিক করেছেন। যেহেতু জাতীয় দলের ক্যাম্পে মাশরাফি নেই, তাই তার খেলা হচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেছেন, ‘মাশরাফি এখন ফিট নেই। তাই এই সিরিজে তিনি খেলবেন না। তিন দলের এই সিরিজে আমরা শুধুমাত্র সিস্টেমের মধ্যে থাকা ক্রিকেটারদেরই নেব। এখন যারা ক্যাম্পে আছেন, তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলের কিছু খেলোয়াড়কে যোগ করা হবে। এরপর ওদের তিন দলে ভাগ করে দেওয়া হবে।’

Exit mobile version