মা হওয়ার পর দৌড়ে অনন্য কীর্তি ফ্রেজার-প্রাইসের

মা হওয়ার পরও দৌড়ে অনন্য কীর্তি গড়লেন জ্যামাইকার ফ্রেজার-প্রাইস। রোববার রাতে মেয়েদের বিভাগে এই কীর্তি গড়েন তিনি।

আগের দিন ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে তিনটি পদকই গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে।

যুক্তরাষ্ট্রের ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটার দৌড়ে সোনা, রুপা ও ব্রোঞ্জ তিনটি পদকই জিতেছে জ্যামাইকা। দুই স্বদেশি শেরিকা জ্যাকসন ও এলেইন থম্পসন-হেরাকে পেছনে ফেলে সোনার হাসি হেসেছেন ৩৫ বছর বয়সী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

এ নিয়ে রেকর্ড পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে সোনা জিতলেন ‘পকেট রকেট’ খ্যাত জ্যামাইকান কিংবদন্তি।

স্প্রিন্টের মতো গতিময় ইভেন্টে মা হওয়ার পর ৩৫ বছর বয়সে একজন দৌড়বিদের স্বর্ণ জয়ই অবিশ্বাস্য কীর্তি। ফ্রেজার-প্রাইস সেটা করেছেন চ্যাম্পিয়নশিপ রেকর্ড গড়ে। সময় নিয়েছেন মাত্র ১০.৬৭ সেকেন্ড।

ব্যক্তিগত সেরা টাইমিং (১০.৭৩ সেকেন্ড) করেও শেরিকা জ্যাকসনের ভাগ্যে জুটেছে রুপা। ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন গত দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন থম্পসন-হেরা।

গত বছর টোকিও অলিম্পিকেও ১০০ মিটারে জ্যামাইকার পতাকা উড়িয়েছিলেন এই তিনজনই। তবে ক্রমটা ছিল ভিন্ন। থম্পসন-হেরা প্রথম, ফ্রেজার-প্রাইস দ্বিতীয় ও শেরিকা তৃতীয় হয়েছিলেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবশ্য মেয়েদের ১০০ মিটার দৌড়ে একই দেশের তিনজনের পদক জয়ের কীর্তি এটাই প্রথম। ট্র্যাকের নির্দিষ্ট কোনো ইভেন্টে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজিরও প্রথম গড়লেন ফ্রেজার-প্রাইস।

এ বয়সে নিজের কীর্তিতে নিজেই বিস্মিত জ্যামাইকার স্বর্ণকন্যা, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকগুলোর মধ্যে এটাই সেরা। কারণ ৩৫ বছর বয়সে এই কীর্তি গড়েছি আমি। হ্যাঁ আমার বয়স ৩৫, ভুল শোনেননি! আমি সব সময় বিশ্বাস করি যে, আরও জোরে দৌড়াতে পারি। যেদিন এই বিশ্বাস থাকবে না, আর ট্র্যাকেই নামব না। মা হওয়ার পর এই বয়সেও আমার এমন পারফরম্যান্স আশ করি বিশ্বের সব মেয়েদের অনুপ্রাণিত করবে।

Exit mobile version