সন্ধান২৪.কম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এইচপি ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে । সোমবার (৬ সেপ্টেম্বর) সেটিকে সামনে রেখে টেস্ট অধিনায়ক মুমিনুল হক‘কে অধিনায়ক করে এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড।
টেস্ট দলের ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে গড়া ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস ও সদ্যই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মোহাম্মদ মিঠুন। অবশ্য ইমরুল খেলবেন কেবল সীমিত ওভারের খেলা। বাকি সবাই দুই ফরম্যাটই খেলবেন।
সামনের মৌসুমের প্রস্তুতির জন্য ‘এ’ দলে রাখা হয়েছে একগাদা টেস্ট ক্রিকেটারকে। অধিনায়ক মুমিনুল ছাড়াও সবশেষ জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াড থেকে এবারের ‘এ’ দলে আছেন আরও ৮ জন-সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি।
সবশেষ সিরিজের দলে না থাকলেও এই ‘এ’ দলে টেস্ট ক্রিকেটার আছেন আরও দুজন-দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও সৈয়দ খালেদ আহমেদ।
ঘরোয়া ক্রিকেটের পারফরমারদের মধ্যে আছেন কিপার-ব্যাটসম্যান ইরফান শুক্কুর ও পেসার শহিদুল ইসলাম।
কামরুল ও শহিদুল চলতি নিউ জিল্যান্ড সিরিজের জন্য দলের সঙ্গে আছেন নেটে প্রস্তুতিতে সহায়তা করার জন্য।
আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। ওইদিন প্রথম চারদিনের ম্যাচে লড়বে উভয় দল এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৩ সেপ্টেম্বর। এরপর ৩০ সেপ্টেম্বর এবং ২ ও ৪ অক্টোবর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে।
‘এ’ দলের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, ইরফান সুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও ইমরুল কায়েস।
