মুসলিম দেশের সাথে বন্ধু্ত্ব বাড়ছে ইসরাইলের, এবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন বাহরাইনের সাথে

সন্ধান২৪.কম : সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে বাহরাইন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানান। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতে সম্পর্ক স্থাপনের কথা জানানো হয়।  ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ইসরাইল এবং আমিরাতের সঙ্গে চুক্তিতে বাহরাইনও যোগ দেবে।

ট্রাম্প বলেন, এত দ্রুত যে ইসরাইল-বাহরাইনের সম্পর্কটা এমন হবে তা সত্যিই আশ্চর্যের। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বলেছে, বাহরাইন-ইসরাইল চুক্তি ফিলিস্তিনিদের পিঠে আরেকটি ছুরিকাঘাত।

যৌথ বিবৃতিতে  বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় ইসরাইল ও বাহরাইন সম্পর্ক স্থাপনে সম্মত হয়।

গত মাসে আমিরাত ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছিল। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়। 

 

Exit mobile version