মেলানিয়া ট্রাম্প আবেগময় ভাষণে স্বামীর জন্য ভোট চাইলেন 

আবেগময় ভাষণে স্বামীর পক্ষে ভোট চাইলেন মেলানিয়া ট্রাম্প (ভিডিও) ছবি: রিপাবলিকান দলের সম্মেলনে ভাষণ দিচ্ছেন মেলানিয়া্ ট্রাম্প।

সন্ধান২৪.কম : রিপাবলিকান দলের সম্মেলনের দ্বিতীয় দিনে দেওয়া আবেগময় ভাষণে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রম্প এবার স্বামীর জন্য ভোট চাইলেন। ভোটারদের কাছে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবার আবেদনও জানালেন ৷ মেলানিয়া সেই সঙ্গে করোনা মহামারি ও বর্ণবাদের মতো কিছু প্রাসঙ্গিক বিষয়ও তুলে ধরলেন ৷

 বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছেন ৷ প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন জনপ্রিয়তার বিচারে তাঁর তুলনায় বেশ এগিয়ে রয়েছেন ৷ এই অবস্থায় ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প ৷ নির্বাচনের আর ৭০ দিন বাকি, এর মধ্যেই ট্রাম্প তার পক্ষে ভোটারদের আনার জন্য বিভিন্ন কৌশল নিচ্ছেন।

রিপাবলিকান দল তাঁকে আনুষ্ঠানিকভাবে আবার দ্বিতীয় কার্যকালের জন্য মনোনীত করেছে৷ দলের সম্মেলনে একের পর এক বক্তা ট্রাম্পের পক্ষে ভাষণ দিচ্ছেন এবং বাইডেনকে কড়া ভাষায় আক্রমণ করছেন ৷ বাইডেন প্রেসিডেন্ট হলে দেশ কীভাবে রসাতলে যাবে, সে বিষয়ে তাঁরা সতর্ক করে দিচ্ছেন ৷ কিন্তু মেলানিয়া ট্রাম্প সেই পথে না গিয়ে অনেক নরম সুরে স্বামীর পক্ষে ভোট চাইলেন ।

ডোনাল্ড ট্রাম্প বার বার বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিলেও মেলানিয়া খোলাখুলি ঐক্যের পক্ষে নিজের অবস্থান ঘোষণা করলেন৷ তিনি বলেন, প্রতিপক্ষকে আক্রমণ করে তিনি এই মূল্যবান সময় নষ্ট করতে চান না৷ কারণ এমন কথা দেশের মধ্যে বিভাজন আরো বাড়িয়ে তোলে, যেমনটা গত সপ্তাহে দেখা গেছে৷

তিনি করোনা মহামারির কারণে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরেন৷ এই সংকট মোকাবেলায় স্বামীর আন্তরিকতা তুলে ধরতে মেলানিয়া বলেন, ‘এমন ভয়াবহ মহামারির ফলে ক্ষতিগ্রস্ত সব মানুষের দেখাশোনা শেষ না করা পর্যন্ত ডোনাল্ড বিশ্রাম নেবে না৷’ বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ন্যয়বিচারের নামে হিংসা ও লুটপাট বন্ধ করারও আবেদন জানান তিনি৷ তাঁর মতে, মানুষের ত্বকের রং দেখে কোনো অনুমান করা উচিত নয়৷

 

Exit mobile version