মেসির চমৎকার পারফরমেন্সে বার্সেলোনার আরেকটি জয়

জয়সূচক গোলের পর বার্সেলোনার খেলোয়াড়গণ

সন্ধান২৪.কমঃ  লিওনেল মেসি এবং ট্রিনকাও বদলি হিসেবে মাঠে নেমে চমৎকার খেলে রবিবার স্পেনিশ লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনাকে ৩-২ গোলের দারুন এক জয় এনে দিয়েছেন। এ জয়ের ফলে রোনাল্ড কোম্যানের দল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে।

দুই দিন আগেই কোপা দেল রের শেষ আটে গ্রানাডার বিপক্ষে শেষ সময়ের গোলে সমতা ফিরিয়ে অতিরিক্ত সময়ে জিতেছিল বার্সেলোনা। এ ম্যাচেও তারা জিতেছে পিছিয়ে পড়েও। এর ফলে বার্সেলোনা সব ধরনের ফুটবলে ছয় ম্যাচ অপরাজিত রইলো। বোরিয়া ইগলেসিয়াসের ৩৮ মিনিটের গোলে লিড নিয়েছিল বেটিস। মেসি বদলি হিসেবে মাঠে নামার পর পরই ৫৯ মিনিটে গোল করে সমতা ফেরান। এমনকি ৬৮ মিনিটে যে আত্মঘাতি গোলের ফলে বার্সেলোনা লিড নিয়েছিল সেটিও এসেছিল মেসির কারণেই। আত্মঘাতি গোল করা ভিক্টর রুইজ অবশ্য ৭৫ মিনিটে একটি গোল করে বেটিসকে সমতায় ফিরিয়ে নিজের ভুল শুধরে দিতে সক্ষম হন। কিন্তু আরেক বদলি খেলোয়াড় ট্রিনকাও ৭৯ মিনিটে বা পায়ের দারুন এক শটে গোল করে দ্বিতীয় বারের মতো বার্সেলোনাকে এগিয়ে দেন। আর কোন গোল না হওয়ায় বার্সেলোনা জয়ী হয় ৩-২ গোলে। এ জয়ের ফলে বার্সেলোনা ধীরে ধীরে আত্মবিশ^াসী হয়ে উঠছে। আর কয়েক দিন পরই চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে তাদের ম্যাচ। মনে করা হচ্ছে পিএসজি ফেবারিট হিসেবে শুরু করলেও বার্সেলোনা তাদের খুব সহজে ছেড়ে দিবে না। যদিও তাদের রক্ষণভাগ নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে। প্রতিটি ম্যাচেই তারা গোল খাচ্ছে। ফলে পিএসজির মতো শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে তারা কতটা প্রতিরোধ করে তুলতে পারে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

 

Exit mobile version