সন্ধান২৪.কমঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি আইন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করলেন । বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের কোথাও নিয়ন্ত্রণ রাখতে পারছেন না মোদি। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় গতকাল বৃহস্পতিবার বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাবের সমর্থনে বলতে গিয়েই এ মন্তব্য করেন তিনি।
কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই প্রস্তাবকে ঘিরে বিধানসভা চত্বরে ব্যাপক বাগ্বিতণ্ডা শুরু হয়। বাম ও বিজেপির মধ্যে প্রায় হাতাহাতি লেগে যাওয়ার উপক্রম হয়। পরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
কৃষি আইনের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাব পাঠ শেষ হতেই বিজেপির অনেকে তার বিরোধিতা করা শুরু করেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই সময় কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মাকে বলার জন্য অনুমতি দেন। কিন্তু বিজেপি বিধায়কদের হট্টগোলের মধ্যে সুখবিলাস বলতে চাননি। এরপর স্পিকার বলার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। মুখ্যমন্ত্রী বলতে শুরু করতেই বিজেপি বিধায়করা চিৎকার শুরু করেন। তৃণমূল বিধায়করা পাল্টা মমতাকে সমর্থন করে চিৎকার করতে থাকেন। মুখ্যমন্ত্রী যদিও তার ভাষণ থামাননি। বাম এবং কংগ্রেস বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের স্বার্থে আসুন আমরা এই প্রস্তাব সমর্থন করি। দিল্লিতে কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যা হয়েছে, তাতে প্রমাণিত হয় যে গোয়েন্দা দপ্তর ব্যর্থ। তাদের কাছে কোনো খবরই ছিল না। পুলিশও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
