সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে চার নারীসহ পাঁচ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই হামলা হয়েছে। একজন ব্যক্তি বন্দুক নিয়ে হামলাটি চালিয়েছে বলে পুলিশের ধারণা হচ্ছে। হামলার পর পুলিশ আসার আগেই রাতের আঁধারে সে পালিয়ে যায়। ওই ব্যক্তির ছবি প্রকাশের পর পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজছে। এখনো পুলিশ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতে পারেনি।
গুলি চালনার সময় মলের কর্মী এবং উপস্থিত ব্যক্তিরা বিল্ডিংয়ের ভিতর আশ্রয় নেন। শোপের জিল উলে নামের এক মহিলা সেখানকার এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি ৭৯ বছর বয়সি মায়ের সঙ্গে মলের ভিতরেই ছিলেন। সে সময় তিনি ১০-১৫টি গুলির শব্দ শুনেছেন। অপর এক ব্যক্তির দাবি, তিনি ৮-১২ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।
ওয়াশিংটন পুলিশের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বার্লিংটনের কাসকেইড শপিং মলের ম্যাকির স্টোর নামে একটি দোকানে ঢুকে এক বন্দুকধারী চার নারীসহ ৫ জনকে গুলি করে হত্যা করে। বার্লিংটন উত্তর সিয়াটল থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত।
ওয়াশিংটন স্টেট টহল পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস টুইটার অ্যাকাউন্টে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করে জানিয়েছেন, একটি রাইফেল দিয়ে ওই ব্যক্তি হামলা চালিয়েছিল। তার হামলার উদ্দেশ্য, ভিকটিমদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কিছুই স্পষ্টভাবে জানা সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভিডিও ফুটেজে একজন যুবককে রাইফেল হাতে দেখা গেছে। খুব কাছ থেকেও ওই বন্দুকধারীকে স্পষ্ট দেখা যায়নি। টুইটারে দেওয়া এক বার্তায় ফ্রান্সিস জানান, বার্লিংটনের কাসকেইড মলের ওই বন্দুকধারী একজন হিস্পানিক বলে তাদের সন্দেহ। তিনি ধূসর রঙের পোশাক পরেছিলেন।
