রাশিয়ার হামলার আশঙ্কায় চেলসি বিক্রির ঘোষণা

ইউক্রেনে রাশিয়ার হামলার পর রুশদের বিরুদ্ধে জনমনে যে ক্ষোভ বাসা বেঁধেছে, তা ছড়িয়ে পড়ছে সমাজের সব ক্ষেত্রে। এর আদর্শ উদাহরণ হতে পারে চেলসি। দলটি ইংলিশ হলেও মালিক রোমান আব্রামোভিচ রুশ হওয়ায় কঠিন পরিস্থিতিতে পড়েছে লন্ডনের ক্লাব।

নিষেধাজ্ঞার মুখে পড়ার শঙ্কা থেকে একরকম বাধ্য হয়ে বুধবার রাতে প্রিয় ক্লাবটি বিক্রি করে দেওয়ার ঘোষণা দিলেন রুশ ধনকুবের আব্রামোভিচ। ২০০৩ সালে ১৪ কোটি পাউন্ডে কেনা চেলসিকে বিভিন্ন মেয়াদে ১৫০ কোটি পাউন্ড ধার দিয়েছিলেন তিনি।

বিশাল অঙ্কের সেই পাওনা মওকুফ করে দেওয়ার পাশাপাশি আব্রামোভিচ জানিয়েছেন, দলের মালিকানা বিক্রি করে পাওয়া পুরো অর্থ ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যে ব্যয় করা হবে।

ক্লাবটির জন্য আব্রামোভিচ দাম হেঁকেছেন ৪০০ কোটি পাউন্ড। তার সময়ে পাঁচটি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৯টি শিরোপা জিতেছে চেলসি।

Exit mobile version