সন্ধান২৪.কম: ওষুধের বোতল নিয়ে বিবাদকে কেন্দ্র করে রোহিঙ্গা যুবকের উপর্যুপরি ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২১নভেম্বর) দুপুরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের কক্সবাজারে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরি পাড়ার নিহত সাবিলুস সালেহীন (১৮) কক্সবাজার পলিটেকনিক কলেজের ছাত্র এবং ঘাতক মো. হোসেন (২২) দক্ষিণ জানারঘোনা এলাকার পুরানো বাসিন্দা রোহিঙ্গা কলিমুল্লাহর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার ও প্রত্যক্ষকারীরা জানান, মুহুরি পাড়ায় ডাক্তার আজিজ ফার্মেসিতে ওষুধের একটি বোতল নিয়ে সালেহীন ও হোসেনের মধ্যে বিবাদ হয়। স্থানীয় এক দোকানদার তাদের থামিয়ে দিয়ে দু’জনকে দু’দিকে চলে যেতে বলে। সালেহীন বাড়ির পথে হেঁটে বেশ কিছু দূর চলে যায়। ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ মিটার দূরে দৌড়ে গিয়ে সালেহীনের গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রোহিঙ্গা যুবক হোসেন। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত সালেহীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, ঘটনাটি চরম মর্মান্তিক। যে ছুরি দিয়ে খুন করা হয়েছে, এটি অত্যাধুনিক অস্ত্র। এসব অস্ত্র দেখে মনে হচ্ছে আমরা সাধারণ মানুষ খুবই অনিরাপদ। তুচ্ছ ঘটনায় এভাবে একজন কলেজ শিক্ষার্থীকে খুন কোনভাবেই মেনে নেওয়া যায় না। খুনিকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
