নিজের শততম টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকের জার্সিতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ৯৯ টেস্টে ৭৯৬২ রান ছিল কোহলির নামের পাশে। সকালের সেশনে নেমে লাঞ্চের পরপর ৮ হাজারের মাইলফলক স্পর্শ করেন এই ক্রিকেটার।
মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে ভারত। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর আগে সকালে খেলতে নামার আগে কোচ রাহুল দ্রাবিড়ের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ গ্রহণ করেন কোহলি।
প্রথম দিন সকালে ভারতীয় দুই ওপেনার ভালো শুরু দিয়ে ফিরলে কোহলি চারে ব্যাট করতে নামেন। ৬০ বলে ৪ বাউন্ডারিতে ৩৮ রান করে মাইলফলক স্পর্শ করেন কোহলি। লঙ্কান বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোকে ডিপ পয়েন্টের দিকে ঠেলেই মাইলফলকটি স্পর্শ করেন কোহলি। এই সংবাদ লেখা পর্যন্ত সেঞ্চুরির লক্ষ্যে ব্যাট হাতে অপরাজিত আছেন এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৯তম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করলেন কোহলি। তবে ভারতীয় হিসেবে ষষ্ঠ স্থানে আছেন এই তারকা ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে এর আগে সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষ্মণ এই মাইলফলক স্পর্শ করেন।
ভারতীয়দের মধ্যে ইনিংসের দিক দিয়ে চতুর্থ দ্রুততম হিসেবে কোহলি আট হাজার রান স্পর্শ করেছেন। সবচেয়ে দ্রুততম ৮ হাজার রান স্পর্শ করেন শচীন।ক্রিকেট মায়েস্ত্রো ১৫৪ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান। দ্রাবিড় ১৫৮ এবং শেবাগ ১৬০ ইনিংসে ৮ হাজার রানের স্পর্শ করেন।
