শহিদুলের বদলি হাসান মাহমুদ

শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টে বদল ফিল্ডার হিসেবে মাঠে নেমে চোটাক্রান্ত হন তরুণ পেসার শহিদুল ইসলাম। সাইড স্ট্রেইনের এই চোট থেকে সেরে উঠতে তাকে অন্তত ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছেন না শহিদুল। তার পরিবর্তে উইন্ডিজ সফরে যাচ্ছেন পেসার হাসান মাহমুদ।

এমনটি জানিয়ে সংবাদমাধ্যমকে জাতীয় দলের বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, হাসান মাহমুদ আমাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। এটা আমরা খুব দ্রুত অফিশিয়ালি জানিয়ে দেব। আপাতত সে আমাদের সঙ্গে যাচ্ছে। এরপর সেখানে তার একটা ফিটনেস টেস্ট হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব সে কোন ফরম্যাটে খেলবে।

শহিদুলের চোট নিয়ে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, গত ২৭ মে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের শেষদিন বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে চোটে পড়েন শহিদুল। সাইড স্ট্রেইনের এই চোট থেকে সেরে উঠতে অন্তত ৪-৬ সপ্তাহ সময় লাগবে।

উইন্ডিজ সফরের জন্য টেস্টে ১৬, ওয়ানডে ১৭ আর টি-টোয়েন্টি ফরম্যাটের ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।

টেস্টের পর ২ ও ৩ জুলাই ডোমিনিকায় হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। আর ৭ জুলাই গানায়ায় হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

এরপর ১০, ১৩ ও ১৬ গায়ানাতে হবে সিরিজের তিন ওয়ানডে।

Exit mobile version