শহীদুল কেন রিজওয়ানের মতো করলেন না?

এ মুহূর্তে ক্রিকেটবিশ্বের নজর বাংলাদেশের দিকে। ডোপ টেস্টে পজিটিভ হয়ে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশি পেসার শহীদুল ইসলাম। যে খবর আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে স্থান পেয়েছে।

এ বিষয়ে বিসিবির বক্তব্য— সাকিব আল হাসানের মতো ভুল করে নিষিদ্ধ হয়েছেন শহীদুল। এটি কোনো বলবর্ধক ওষুধ ছিল না। ওষুধ নেওয়ার বিষয়টি বোর্ড ও আইসিসির সংশ্লিষ্ট বিভাগকে আগে অবগত না করার মাসুল গুনলেন। সাকিব যেমন কোনো অন্যায় না করেও জুয়াড়ির কাছ থেকে প্রস্তাবের খবর বিসিবি বা আইসিসি দুর্নীতি দমন সংস্থাকে না জানিয়ে আইসিসির চোখে দোষী সাব্যস্ত হয়ে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন, ঠিক একই ঘটনা ঘটিয়েছে শহীদুল।

অর্থাৎ যে ওষুধটি তিনি সেবন করছিলেন তার বিষয়ে আগভাগে আইসিসিকে জানালে রক্ষা পেতেন শহীদুল। আরব আমিরাতে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ভুলটি করেননি পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

বিশ্বকাপে আইসিসি কর্তৃক এক ‘নিষিদ্ধ ইনজেকশন’ নিয়ে খেলেছেন রিজওয়ান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে দুদিন আইসিইউতে শয্যাশায়ী ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার।

সেখান থেকে রীতিমতো অলৌকিক ঘটনার জন্ম দিয়েই সেমিফাইনাল ম্যাচটিতে অংশ নেন তিনি। শুধু অংশই নেননি, ৫২ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এ ডানহাতি ওপেনার।

ওই ম্যাচের ছয় মাস পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিকিৎসক নাজিব সোমরো গণমাধ্যমকে সেই রহস্য ফাঁস করেন। তিনি জানান, ওই নিষিদ্ধ ইনজেকশন ছাড়া উপায় ছিল না। আইসিসির অনুমতি নিয়েই ইনজেকশনটি দেওয়া হয়েছিল রিজওয়ানকে।

অর্থাৎ শহীদুলও যদি রিজওয়ানের মতো একই কাজ করতেন, তবে এই শাস্তি এড়াতে পারতেন।

বিসিবি সূত্র বলছে, ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে ডব্লিউএডিএর নিষিদ্ধ বস্তুর তালিকায় স্থান পাওয়া ক্লোমিফিন সেবন করেন শহীদুল। এ বিষয়ে বিসিবির সঙ্গে যোগাযোগের ঘাটতি ছিল তার।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘শহীদুল একটি ভুল করেছে। সে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে ওই ওষুধটি খেয়েছে; ওই ওষুধের কথা আমাদের বিসিবির চিকিৎসকদের জানায়নি সে। তাদের জানালে বিষয়টি অন্যরকম হতে পারত।’

জানা গেছে, শাস্তির মেয়াদের দেড় মাস এরই মধ্যে পার হয়ে গেছে। ২৮ মে আইসিসির কাছে দায় স্বীকার করেন শহীদুল। ওই দিন থেকে রায় কার্যকর হয়েছে। আগামী বছর ২৮ মার্চ আবার তিনি ক্রিকেটে ফিরতে পারবেন।

Exit mobile version