শারমিনের আরেকটি সেঞ্চুরি

আসরে নিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানোর পর ছন্দ হারিয়ে ফেলেছিলেন শারমিন সুলতানা। টানা ব্যর্থতা কাটিয়ে আরেকটি দারুণ সেঞ্চুরি উপহার দিলেন আবাহনীর এই ওপেনার। একইদিনে অল্পের জন্য সেঞ্চুরি পাননি সুশমা দেবী।

তাদের দারুণ ব্যাটিংয়ে রোববার মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় তুলে নিয়েছে আবাহনী। একইদিনে জয় পেয়েছে মোহামেডান ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বিকেএসপির এক নম্বর মাঠে নেমে ১২৬ বলে আট চারে ১০১ রানে অপরাজিত থাকেন শারমিন। পাঁচে নামা সুশমা তিন ছক্কা ও ছয় চারে ৯৫ বলে করেন ৯৫ রান। আবাহনী চার উইকেটে করে ২৫৯ রান।

জবাবে মাত্র ৮১ রানে অলআউট হয় গুলশান ইয়ুথ। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে খেলাঘর সমাজকল্যাণ সমিতি ১৫৬ রান করতে পারে। লতা মন্ডল ৪৪ এবং রিতু মনি ৩৫ রান করেন। মোহামেডানের দিশা নেন তিন উইকেট। জবাবে শামীমা সুলতানার ৯০ রানের ইনিংসে তিন উইকেটের জয় পায় মোহামেডান।

বিকেএসপির চার নম্বর মাঠে শেখ রাসেল করতে পারে ১৩৮ রান। সোবহানা সর্বোচ্চ ৪৬ রান করেন। তিনটি উইকেট নেন রুপালী ব্যাংকের লাখি। জবাবে দারুণ ফর্মে থাকা ফারজানা পিংকির (৭৯*) হাফ সেঞ্চুরিতে ২৯.৪ ওভারে সাত উইকেটের জয় তুলে নেয় রূপালী ব্যাংক।

Exit mobile version