সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ জেলা সমিতির ৩২ হাজার ডলার ফেরত দেয়ার দাবি

সন্ধান২৪.কম: গত ১৪ নভেম্বর দুপুরে সংগঠনের ব্যাংক একাউন্ট থেকে ৩২ হাজার ডলার উত্তোলন করে নিয়ে যাবার পর আকস্মিকভাবে অসাংগঠনিক প্রক্রিয়ায় ইসি কমিটি গঠনের প্রতিবাদে নারায়ণগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা’র ব্যানারে সংগঠনের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলন করেছেন।

নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এবং আহবায়ক কমিটির আহবায়ক নির্মল পাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন,যুগ্ম-আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি আরশাদুল বারী আসাদ এবং মোহাম্মদ মজিবর, সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মোহাম্মদ মজিবর, বিদায়ী কমিটির সহ-সভাপতি মোস্তফা জামাল টিটো এবং লেখক ও সাংবাদিক দর্পণ কবীর। সংবাদ সম্মেলনে মঞ্চে এ সময় উপবিষ্ট সংগঠনের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ নুরুজ্জামান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, নূর বাবুল ও এ.কে.এম. নূরুল হক।
এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা সমিতির আহবায়ক কমিটি সংগঠনের জন্য একটি ভবন ক্রয় করার উদ্যোগ নিয়েছে। সংগঠনের উপদেষ্টা নির্মল পালের কাছে গচ্ছিত ৮ হাজার ডলার ভবন ক্রয়ের ফান্ডে প্রদান করা হবে। এছাড়া বনভোজন করে ‘বনভোজন কমিটি’র কাছে প্রায় ২ হাজার ডলারও ভবন ক্রয়ে ব্যবহার করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, সমিতির অর্থ আত্মসাত করার চেষ্টা করলে প্রয়োজনে আইনের আশ্রয়ও নেয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগপত্রে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মোঃ মির্জা ফরিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের বিরুদ্ধে সংগঠনের ৩২ হাজার ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, তারা কমিটি গঠনের পরপরই ব্যাংক একাউন্ট থেকে অর্থ উত্তোলন করে নিয়ে যান এবং কোন সভা না করে নির্বাহী কমিটির মেয়াদ পার করে দেন। এরপর আকস্মিকভাবে তারা অগঠনতান্ত্রিক ও বে-আইনীভাবে একটি নতুন কমিটি বানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের প্রতি অবজ্ঞা ও অশ্রদ্ধা প্রদর্শন করেছেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
লিখিত বক্তব্যে নির্মল পাল বলেন, ১৯৮৯ সালে গঠিত এই সংগঠনের প্রথম নির্বাচন অনুষ্ঠান হয় ২০১৯ সালের ২৫ আগষ্ট। এই নির্বাচন প্রক্রিয়ার কারণে সংগঠনের তহবিলে ৩৭ হাজার ডলার জমা পড়ে, যা অতীতে কোনদিন দেখা যায়নি। সে সময় থেকে ফরিদ-আলী কমিটির নেতৃত্বাধীন সংগঠনের ব্যাংক একাউন্টে গচ্ছিত ৩২ হাজার ডলার সংগঠনের ভবন ক্রয়ের জন্য রেখে দেয়ার কথাও বলে আসছিলাম। ফরিদ-আলী কমিটি কার্যক্রমের শুরুতে বিদায়ী কমিটির সভাপতি মির্জা ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন রহস্যজনক কারণে কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাদেরকে ব্যাংক একাউন্টে সম্পৃক্ত করতে নানা টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে জানা যায়, তারা ইসি কমিটির অনুমোদন না নিয়ে ব্যাংক একাউন্ট থেকে অর্থ তুলে নিয়ে গেছেন। এ ঘটনায় আমরা দুশ্চিন্তাগ্রস্থ হয়ে মির্জা ফরিদ উদ্দিন ও মোঃ আলী হোসেনের সঙ্গে কয়েক দফা কথা বললেও তারা ‘অর্থ তাদের কাছে আছে’ জানিয়ে সভা করতে রাজী হননি। তাদের নির্বাহী কমিটির দু’ বছরের মেয়াদকালে তারা আর ইসির সভাও করেননি।
নির্মল পাল আরো বলেন, গত মাসে একটি পত্রিকায় প্রাকাশিত বিজ্ঞাপন ও স্যোসাল মিডিয়ায় প্রকাশিত লিফলেটর মাধ্যমে জানতে পারি, নারায়ণগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক-এর নতুন কমিটি গঠিত হয়েছে। অতি গোপনে এবং নিয়মবহির্ভূতভাবে এবং স্বেচ্ছাচারিতায় গঠিত ঐ কমিটির কর্মকর্তার মধ্যে সভাপতি পদে মির্জা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শামীম আহমেদ ও সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী হোসেনের নাম দেখতে পাই। আরো বলতে হয়, এই সংগঠনে ৪ বছর ধরে জড়িত হয়েছেন ওপরে উল্লেখিত তিন কথিত কর্মকর্তা। তারা নিজ ঘরে বসে অবৈধ কমিটি বানিয়ে পত্রিকায় আমাদের নামে অশোভন কথাও বিজ্ঞাপন দিয়ে বলেছেন। তারা নতুন এসেই প্রবীণদের বিরুদ্ধে মানহানীকর কথা বলছেন।

Exit mobile version