সন্ধান ২৪.কমঃ সাংবাদিক আবেদ খান এবং তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ ৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আবেদ খান জানান, কোভিড-১৯ এর লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে। ৭৫ বছর বয়সী আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।
দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন আবেদ খান। ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠেরও সম্পাদক ছিলেন তিনি। তার স্ত্রী সানজিদা আক্তার, ছেলে ও ছেলের বউ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
আবেদ খানের জন্ম সাতক্ষীরায়, ১৯৪৫ সালের ১৬ এপ্রিল। তার সাংবাদিকতায় হাতেখড়ি হয় দৈনিক ‘জেহাদ’ পত্রিকার মাধ্যমে। ১৯৬৩ সালে তিনি দৈনিক সংবাদে যোগ দেন।
১৯৬৪ সালে যোগ দেন দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকে আবেদ খান পর্যায়ক্রমে শিফট-ইনচার্জ, প্রধান প্রতিবেদক ও সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সময় কালের কণ্ঠ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যুগান্তর ও সমকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একুশে টেলিভিশনের সংবাদ ও চলতি তথ্য বিষয়ক প্রধান হিসেবে কাজ করেছেন।
বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকতা ও প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আবেদ খান।
