`সরদার প্যাটেল স্টেডিয়াম’মুছে ফেলে নরেন্দ্র মোদির নামে করায় প্রতিবাদ

সন্ধান২৪.কমঃ  বদলে গেল বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের নাম । আহমেদাবাদের মোতেরায় এই স্টেডিয়ামের নাম ছিল সরদার প্যাটেল স্টেডিয়াম। খেলার আগে নাম বদলে করা হলো নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্টের মধ্য দিয়ে অভিষেক হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের। তবে উদ্বোধনী দিনেই বদলে দেওয়া হলো এই স্টেডিয়ামের নাম। এদিকে এই নাম বদলানোর ফলে পশ্চীমবঙ্গসহ ভারতে প্রবল প্রতিবাদ হচ্ছে।

সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে মোতেরা স্টেডিয়ামের নামকরণ করার পর থেকেই শুরু হয়েছিল তুমুল বিতর্ক। চাপের মুখে পড়ে এ বার সাফাই দিতে চাইল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, শুধুমাত্র স্টেডিয়ামের নামই করা হয়েছে নরেন্দ্র মোদীর নামে। স্পোর্টস কমপ্লেক্সের নাম রয়েছে সর্দার বল্লভভাই পটেলের নামেই।

বুধবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমদাবাদের নবনির্মিত স্টেডিয়ামের উদ্বোধন করার পরে তুমুল সমালোচনা শুরু হয়ে যায় নেটমাধ্যমে। কংগ্রেস এবং বিভিন্ন বিজেপি-বিরোধী দল একে সর্দার বল্লভভাই পটেলের ‘অপমান’ হিসেবে তুলে ধরতে থাকে।

তবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর পরে বিরোধীদের সমালোচনা করে জানান, কেন এতদিন ধরে সর্দার পটেলের নামাঙ্কিত বিশালাকায় মূর্তি নিয়ে একটাও কথা বলেননি সোনিয়া গাঁধী বা রাহুল। জাভড়েকর এ-ও জানান, সোনিয়া বা রাহুল কেউই আজ পর্যন্ত সর্দার পটেলের মূর্তি দেখতে যাননি। সেখানে সর্দার পটেলের অপমান করা হয়েছে কিনা তা নিয়ে কথা বলা তাঁদের মানায় না।

নতুন রূপে গড়ে ওঠা এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা এক লাখ ১০ হাজার। ভারত-ইংল্যান্ডের মধ্যকার গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হলো এই স্টেডিয়ামের নবযাত্রা।

খেলা শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে বদলানো হয় এই নাম। এ সময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাট গভর্নর আচার্য দেবরাট, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।

বছরখানেক আগে মোতেরার এই স্টেডিয়ামটি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এতদিন কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

গোলাপি বলের টেস্ট দিয়ে অভিষেক ঘটলো বিশ্বের বৃহৎ এই ক্রিকেট স্টেডিয়ামটির।

 

 

Exit mobile version