সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্রের একটি গোপন তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়ী !
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়ে দিয়েছেন চার মার্কিন কর্মকর্তা । আর মার্কিন মিডিয়া সিএনএন জানিয়েছে, সৌদি আরবের একটি গোপন তদন্ত রিপোর্টেও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকেই ইঙ্গিত করা হয়েছে।
রয়টার্স জানায়, সৌদি যুবরাজই সম্ভবত সাংবাদিক খাশোগি হত্যায় অনুমোদন এবং নির্দেশ দিয়েছিলেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিই (সিআইএ) রিপোর্টে মূল ভূমিকা রেখেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও এই রিপোর্ট দেখেছেন।
প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়ে শিগগিরই সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনে কথা বলবেন। খাশোগি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) এর কার্যালয় থেকে একটি তদন্ত করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে করা এ তদন্ত প্রতিবেদনটি কখনো প্রকাশ করা হয়নি। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শিগগিরই এ প্রতিবেদন প্রকাশের আশ্বাস দিয়েছে।


