সন্ধান২৪.কম ঃ অর্থ আত্মসাতে অভিযোগে হওয়া মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন করে ধার্য করেছেন আদালত। রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের মূল ভবনের নকশা বহির্ভূত এবং অবৈধ উপায়ে দোকান বরাদ্দের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ এনে এই মামলা করা হয়।
রবিবার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত নতুন এই দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেনি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
এ মামলার অন্য আসামিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদ।
গতবছরের ২৯ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন দুলু বাদী হয়ে মামলা করেন। এর আগে বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। পরের দিন ৩০ ডিসেম্বর আদালত মামলাটির অভিযোগ তদন্ত করে ৩১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।