‘সাকিবকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে’

ব্যাট হাতে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো ফর্মে ছিলেন না বাংলাদেশের নাম্বার তিন ব্যাটসম্যান সাকিব আল হাসান। শেষ পাঁচ টি-টোয়েন্টিতে করতে পেরেছিলেন মোটে ৩৭ রান। তারমধ্যে চারবার আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে, সর্বোচ্চও মাত্র ১০।

তবে ডমিনিকার উইন্ডসর পার্কে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ ছন্দে ছিলেন সাকিব। ১৬ ওভারে নেমে আসা ম্যাচটিতে মুনিম শাহরিয়ারের বিদায়ে প্রথম ওভারে মাঠে নামেন সাকিব। আর নেমেই মেরে খেলতে থাকেন সাকিব।

ইনিংস বড় করতে না পারলেও ১৫ বলে দুটি করে চার-ছয়ে ২৯ রান করেন সাকিব। ছন্দে ফেরার দারুণ ইঙ্গিতও দিয়ে রাখেন এই ব্যাটসম্যান। ম্যাচে সাকিবের এমন ব্যাটিংয়ে আনন্দিত টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও। যদিও ভুল সময়ে আউট হয়ে গেছেন সাকিব, এমনটাও জানালেন ডমিঙ্গো।

সাকিবের ব্যাটিং নিয়ে টাইগার কোচ বলেন, ‘সাকিবকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে। এই ম্যাচও ইতিবাচক ছিল কিন্তু সাকিব ভুল সময়ে আউট হয়ে যায়।

আমার মনে হয়, এই সংস্করণে পাওয়ারফুল ও বিগ হিটিং আমাদের নতুন কিছু দিতে পারে। কিন্তু ভুল সময়ে আউট হওয়া থেকেও শিক্ষা নিতে হবে।’

Exit mobile version