সাকিব বর্বরতার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন

সন্ধান২৪.কম : মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি নৈতিকতার অবক্ষয় বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন  দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ।

দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার হার ব্যাপকভাবে বেড়ে গেছে। ধর্ষণ-নির্যাতন যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ের কয়েকটি পাশবিক ঘটনার প্রতিবাদে এখন উত্তাল সারা দেশ। 

নিজের পারিবারিক আবহের কথা উল্লেখ করে সাকিব লিখেছেন, ‘চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে। দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।’

নারী ও শিশুদের প্রতি প্রতিনিয়ত জঘন্য অন্যায়, অপরাধ ও সহিংসতাগুলোর বিরুদ্ধে নিজের ঘৃণা প্রকাশ করে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, ‘এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম-বর্ণ-নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে, তারপর আমি আর চুপ থাকতে পারি না। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা আর সহিংসতার বিরুদ্ধে।’

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে দেশের মানুষকে রক্ষা ও দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা যেভাবে লড়েছিলেন, নারীর নিরাপত্তা ও তাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা রোধে সবাইকে ঠিক সেভাবেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।’

সাকিব মনে করেন, নারীর প্রতি যাবতীয় সহিসংতা বন্ধে এ সমাজ যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে এর শিকার সবাইকেই হতে হবে। ওই পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি, যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবন যাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তাহলে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।’

 

Exit mobile version