সন্ধান২৪.কমঃ কয়েক বছর ধরে ইউরোপে একাধিক আইএস হামলার পরে বোরখার বিরুদ্ধে সরব হয়েছে বহু দেশ। এর আগেই ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, বুলগেরিয়া, বেলজিয়াম ও ল্যাটভিয়া— ইউরোপের এই সাতটি দেশে বোরখা নিষিদ্ধ করা হয়েছিল। সুইৎজ়ারল্যান্ডও সে পথেই হাঁটল।

রবিবার গণভোটে দেশের সাধারণ মানুষ সুইৎজ়ারল্যান্ডে সম্পূর্ণ মুখ ঢাকা পোশাকে জনসমক্ষে বেরোনোর উপরে নিষেধাজ্ঞা জারি হল ।
ফল প্রকাশিত হওয়ার পরে দেখা গিয়েছে, ৫১.২ শতাংশ দেশবাসী ভোট দিয়েছেন এই ধরনের পোশাকের বিরোধিতা করে। গণভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই জনসমক্ষে সম্পূর্ণ মুখ ঢাকা পোশাকের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। নির্দেশিকায় ‘বোরখা’ বা ‘নিকাব’ শব্দগুলির উল্লেখ না-থাকলেও স্পষ্ট, কোন ধরনের পোশাককে নিষিদ্ধ করা হচ্ছে। নিরাপত্তার কারণে বা কোনও চিকিৎসার প্রয়োজনেও সম্পূর্ণ মুখ ঢাকা পোশাকে বাইরে বেরোনো যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
সুইৎজ়ারল্যান্ডের জনসংখ্যার ৫.৫% মুসলিম। তাঁদের পূর্বপুরুষেরা মূলত ইউগোস্লাভিয়া থেকে এসেছিলেন। ফ্রান্স বা জার্মানির মতো প্রচুর সংখ্যক পশ্চিম এশিয়া বংশোদ্ভূত মুসলিম এই দেশে প্রায় নেই বললেই চলে।
২০০৯-এ এক গণভোটে মসজিদের উপরে গম্বুজ বানানোর উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল সুইৎজ়ারল্যান্ডে। ইসলামিক সেন্টার কাউন্সিলের কথায়, ‘‘মুসলিম-বিদ্বেষ এ বার দেশের সংবিধানেও ঠাঁই পেয়ে গেল।’’