সন্ধান২৪.কমঃ টিডি ব্যাংকের ক্রেডিট কার্ড হ্যাক করে এক দিনে ৩৬ বার ব্যবহার করে ২৭ শত ডলার লোপাট করা হয়েছে নিউইয়র্কে এক প্রবাসী বাঙালীর।

গত ২৩ আগষ্ট এই ঘটনা ঘটে। অভিযোগকারী জ্যামাইকাবাসী গনেশ কির্তনীয়া জানান,কে বা কারা তার ক্রেডিট কার্ডটি হ্যাক করে টিডি ব্যাংক থেকে নগদ ৭ শত টাকা উঠিয়ে নেয়। এছাড়াও জেলোর মাধ্যমেও কিছু ডলার ট্রান্সফার করা হয়। এরপর বিভিন্ন ষ্টোর থেকে প্রায় ২ হাজার ডলারের খরচ করা হয়। এর মধ্যে জ্যামাইকার পানশি রেষ্টুরেন্টে ৪ বার খরচ করা হয়। এ ছাড়াও ষ্টার কাবাব চিনি,ডলার ট্রি,সেল ওয়েল,এলস ডেইলি গ্রোসারী, এপেল ক্যাশ,গলফ ওয়েল,জ্যামাইকা লিকার,লিবার্টি এভিনিউ কারী,রাইট এইড,জ্যামাইকা ডেইলিসহ বেশ কয়েকটি স্টোরে এক বা একাধিক বার ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। উবারেও তিনবার ক্রেডিট কার্ড দিয়ে পে করা হয়। এই ভাবে সর্বমোট ২ হাজার ৭ শত ডলার তার টিডি ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে হাতিয়ে নেয়া হয়েছে।
এ ব্যাপারে গনেশ কির্ত্তনীয়া ব্যাংকে রিপোর্ট করতে গিয়ে দেখেন,আরও একজন বাঙালীর ক্রেডিট কার্ড হ্যাক হয়েছে। ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ইদানিং কার্ড হ্যাকের মাত্রা বেড়ে গেছে। তিনি এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
গনেশ কির্ত্তনীয়া সবাইকে সর্তক করে দিয়ে বলেন,সবার উচিত মাঝে মাঝে ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা করা। এতে কোন রকম অসাঞ্জস্যপূর্ণ আয়-ব্যয় দেখলেই সংগে সংগে সংশ্লিষ্ট ব্যাংকে রিপোর্ট এবং প্রয়োজনে একাউন্ট ক্লোজ করা।


