সন্ধান২৪.কমঃ ম্যাচের অনেক আগেই থেকেই বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে গোল উৎসব করতে যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিলো । বাংলাদেশের মেয়েদের কন্ঠে ছিলো এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের প্রত্যয়।

অধিনায়ক সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানের জালে গুনে গুনে ৬ গোল দিয়েই নিজেদের মুখের কথার প্রমান রাখলেন মেয়েরা। ৬-০ গোলের এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথ অনেকটা সুগম হয়ে গেলো লাল-সবুজের জার্সিধারীদের।
শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে বাংলাদেশ। সাবিনার হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন মনিকা চাকমা, সিরাত জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা। চলতি টুর্নামেন্টে বাংলাদেশ অপধিনায়ক সাবিনা খাতুনই প্রথম হ্যাটট্রিক করলেন।
ম্যাচের প্রথমার্ধ্বেই পাকিস্তানের জালে চার গোল দেয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের মাত্র তিন মিনিটেই সাবিনার ব্যাক পাস থেকে মনিকা চাকমার দুর্দান্ত প্লেসিংয়ে প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ।


