সন্ধান২৪.কম : বহু রকমের প্রতারণার অভিযোগে বিচার চলছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের। বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলগালা করা হয়েছে তাঁর পরিচালিত রিজেন্ট হাসপাতালের দুটি শাখা এবং প্রধান কার্যালয়। মিরপুর ও উত্তরায় হাসপাতালের শাখা দুটি সিলগালা করা হয়। এসব ভবন মালিকরা বিপাকে পড়েছেন। একদিকে সাহেদের কাছে আটকা বকেয়া ভাড়া, অন্যদিকে তাঁরা ভবনেও প্রবেশ করতে পারছেন না।

এ বিপদ থেকে রক্ষা পেতে র্যাবের কাছে চিঠি পাঠিয়েছেন ভবন মালিকরা। তবে মামলার অগ্রগতি না হলে ভবন বুঝিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম কালের কণ্ঠকে বলেন, ‘ভবন মালিকরা সমস্যায় আছেন, সেটা বুঝতে পারছি। তবে এখন ভবন বুঝিয়ে দেওয়ার সুযোগ নেই। আরো পাঁচ-সাত মাস লাগতে পারে। মামলা শেষ না হওয়া পর্যন্ত ভবন বুঝিয়ে দেওয়া যাবে না। কারণ, যেকোনো সময় আলামতের জন্য প্রয়োজন হবে ভবন দুটি। আর মামলায় উল্লেখ রয়েছে সাহেদের প্রতিষ্ঠান। ভবন যাঁরই হোক, ভেতরের জিনিসপত্র সাহেদের।’
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিরপুর-১২ নম্বরের ১৪/১১ মিতি প্লাজার ছয়তলা ভবনের নিচতলায় রিজেন্ট হাসপাতাল সিলগালা করা। তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ৫০ শয্যার হাসপাতাল। বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে। রাতে হাসপাতালের নিচে পাহারা দিতে আসেন একজন নিরাপত্তা প্রহরী।