সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে ডমিঙ্গোর যে কথা মনে ধরেছে তামিমের

দক্ষিণ আফ্রিকার মাটিতে এতদিন জয় ছিল যেন সোনার হরিণ। দীর্ঘ ২০ বছরের খরা ঘুচিয়ে রঙধনুর দেশে প্রথম সিরিজ জয়ের কীর্তি দেশবাসীকে আনন্দে উন্মাতাল করেছে। ২-১-এ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের মুকুটে যোগ করেছে এক উজ্জ্বল পালক।

দক্ষিণ আফ্রিকায় এই প্রথম সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে জয়ধ্বনি। তামিম বাহিনীর এই স্বর্ণালি সাফল্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, তার সহকর্মী হাবিবুল বাশারসহ বোর্ডের সব কর্মকর্তা আবেগাপ্লুত।

আবেগ ধরে রাখতে পারেননি দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও। তামিমদের আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে ড্রেসিংরুমে এক বার্তা দিলেন তিনি, যা বেশ মনে ধরেছে তামিম ও তার সতীর্থদের।

ডমিঙ্গো জানালেন, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের পর বাংলাদেশ দল বিশ্বকাপ জিতবে বলে আশা করা যেতেই পারে।

সিরিজ জয়ের পর দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম বলেন, ‘কালকে (বৃহস্পতিবার) রাসেল (ডমিঙ্গো) খুব ভালো একটা কথা বলেছেন। ম্যাচের পর যখন আমরা ড্রেসিংরুমে কথা বলি— তখন তিনি বলেছেন যে, ‘এই সিরিজ জয়ের পর যদি বিশ্বাস না করো যে, তোমরা বিশ্বকাপ জিততে পারবে, তা হলে আর কোনো কিছুতে বিশ্বাস করবে না।’ খুব ভালো একটি বার্তা ছিল এটি তার কাছ থেকে।’

বোঝাই যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা জয়ের আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন রাসেল ডমিঙ্গো।

বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের দলটি বাকি দুটি (টেস্ট ও টি-টোয়েন্টি) থেকে অনেক শক্তিশালী ও ধারাবাহিক। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে সিরিজ জিতলেও দেশের বাইরে উল্লেখযোগ্য সাফল্য ছিল না।

এতদিন ধরে দেশের বাইরে দ্বিপক্ষীয় সিরিজে দলের উল্লেখযোগ্য সাফল্য ছিল কেনিয়া, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়। এবার দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে সিরিজ হারাল তামিম বাহিনী। যে কোনো সফরকারী দলের জন্য সেখানে জেতা ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলো একটি।

এ ছাড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ শীর্ষে বেশ অনেক দিন ধরেই। এবারের জয়ে অবস্থান পোক্ত হয়েছে আরও।

Exit mobile version