সেই বিচারক কামরুন্নাহারের বিরুদ্ধে আপিল বিভাগের আরেক আদেশ

সন্ধান২৪.কম:  রেইনট্রি ধর্ষণ মামলায় বিতর্কিত পর্যবেক্ষণ দিয়ে ক্ষমতা হারানো বিচারক মোছা. কামরুন্নাহার আরেকটি মামলায় হাইকোর্টের নির্দেশণা উপেক্ষা করেছিলেন। সেই ফৌজদারি আবেদনটিই সোমবার (১৫ নভেম্বর) ‘রাষ্ট্র বনাম আসলাম সিকদার’ শিরোনামে আপিল বিভাগের কার্যতালিকায় ১ নং ক্রমিকে উঠে আসে। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দিয়েছে। তবে কী আদেশ দেওয়া হয়েছে, তা জানা যায়নি।

২০১৯ সালে সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও আসলাম শিকদার নামে ধর্ষণ মামলার এক আসামিকে জামিন দিয়েছিলেন এই বিচারক। সেই ইস্যুতে তাকে ওই সময় আপিল বিভাগে তলবও করা হয়েছিল।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ শুনানি শুরু হলে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের আবেদনটি এই মুহূর্তে নেই বলে জানান।

তখন প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের কাছে সব আছে।’ এরপর আদালত কিছু সময়ের জন্য বিরতিতে যায়। ফিরে এসে প্রধান বিচরাপতি বলেন, ‘আদেশ দেওয়া হয়েছে।’

কী আদেশ হয়েছে- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, লিখিত আদেশে পাবেন।

আদেশের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ বলেছেন, আদেশ দেওয়া হলো। তবে কী আদেশ দেওয়া হয়েছে, তা পূর্ণাঙ্গ অনুলিপি পেলে জানা যাবে। বিচারক আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছিলেন কি না, তা-ও আদেশ পেলে বোঝা যাবে।

উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার সাবেক অনুষ্ঠান প্রযোজক আসলাম শিকদারের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকার হাতিরঝিল থানায় মামলা করেন এক নারী। ওদিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় ২০১৯ সালের ১৮ জুন হাই কোর্ট আসলাম শিকদারকে জামিন দিলে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে দেয়। পরে এই স্থগিতাদেশ বাড়ানোর জন্য আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 

Exit mobile version