রিয়াধ: সৌদি আরবের সিলেবাসে এবার অন্তর্ভুক্ত করা হল রামায়ণ, মহাভারত। অচলায়তন ভেঙে শিক্ষার প্রসার ঘটাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমান।

আধুনিক সৌদি গড়তে শিক্ষা ক্ষেত্রে তাঁর নতুন পরিকল্পনা ‘ভিশন ২০৩০’। তারই অঙ্গ হিসেবে অন্যদেশের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে পড়ুয়াদের ওয়াকিবহাল করতে ভারতীয় এই দুই মহাকাব্যকে স্কুলপাঠ্যের আওতায় আনা হয়েছে। ভারতীয় সংস্কৃতির পাশাপাশি আয়ুর্বেদ ও যোগ সম্পর্কেও যাতে পড়ুয়াদের ধারণা তৈরি হয়, সে বিষয়টিও নজরে রাখা হয়েছে। তবে শুধু সংস্কৃতি পরিচয়ই নয়, আধুনিক বিশ্বের বদলে যাওয়া গতিপ্রকৃতির সম্যক ধারণা পড়ুয়াদের সামনে তুলে ধরতে নানা সংস্কার করা হয়েছে শিক্ষা ব্যবস্থায়। বাধ্যতামূলক করা হয়েছে ইংরেজি ভাষা। সম্প্রতি ছেলের সিলেবাসের একটি স্ক্রিনশট ট্যুইটারে শেয়ার করেছেন সৌদির এক বাসিন্দা। তিনি লিখেছেন, ‘সৌদি আরবের নতুন ভিশন ২০৩০ উদার ও সহনশীল মানুষ তৈরিতে কার্যকর হবে।’ তিনি আরও লিখেছেন, সামাজিক শিক্ষার বইয়ে হিন্দু, বৌদ্ধ ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। ওর পড়াশোনায় সাহায্য করতে আমারও বেশ ভালো লাগছে।