সন্ধান২৪.কম ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া হবে না। তিনি বলেন, ‘‘বাংলাদেশ কোনও সন্ত্রাসবাদীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’’ সোমবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘‘এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনও সুযোগ নেই। তিনি (হাসিনা) যদি দেশে ফিরতে চান, তবে তার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে।’’
হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন। তার আগে ঢাকার সঙ্গে যোগাযোগ করে নিজের নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সোমবার হাসিনার এক আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছেন। সেখানেই পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে।
হাসিনার ওই আবেদনের খবর প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানাল তারেক সরকার। হুমায়ুন বলেন, ‘‘পাসপোর্টের জন্য হাসিনার আবেদন হাস্যকর। তিনি (হাসিনা) পালিয়ে গিয়েছেন। এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনও সুযোগ নেই। তিনি যদি দেশে ফিরতে চান, তবে তার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন, সেই চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।’’
২০২৪ সালের ৫ অগস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। তার পর বাংলাদেশে দেড় বছর ক্ষমতায় ছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সময় বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল’ গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিয়েছে। তিনি দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। এমনকি, আদালতের সাজা কার্যকরও করা হতে পারে।
হাসিনা যদিও দাবি করেছেন, গ্রেফতারি বা মৃত্যুর আশঙ্কা তাঁকে ঠেকাতে পারবে না। তিনি দেশে ফিরবেন। যদি মৃত্যু আসে, নিজের দেশের মাটিতেই তিনি মরতে চান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সেখানে সরকার গঠন করেছে। দেশ ছাড়ার পর থেকে হাসিনা ভারতের আশ্রয়ে আছেন। ঢাকা একাধিক বার তাঁকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে। ইউনূসের জমানায় বাতিল করা হয়েছে তাঁর কূটনৈতিক পাসপোর্টও।
হুমায়ুন জানিয়েছেন, দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ব্রিটেনের আইনি পরামর্শদাতা সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের তরফে হাসিনার পাসপোর্ট এবং এনআইডির জন্য ইমেলে আবেদন জানিয়েছে। জানা গিয়েছে, দিল্লির বাংলাদেশ মিশন থেকে ওই ইমেল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবরে দাবি, সেটি যে হাসিনার আবেদন, তা বোঝার কোনও উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেলে হাসিনার অনুমোদন (অথরাইজ়েশন) সংক্রান্ত কোনও নথি বা প্রমাণপত্র নেই। আনন্দবাজার ডট কম ডেস্ক


