২১শে ফেব্রুয়ারির পরিবর্তে পশ্চিমবঙ্গে এখন নতুন মাতৃভাষা দিবস চালু করতে চাইছে বিজেপি

সন্ধান২৪.কম : ২১শে ফেব্রুয়ারির পরিবর্তে  ভারতের পশ্চিমবঙ্গে নতুন মাতৃভাষা দিবস চালু করতে চাইছে বিজেপি। তাদের দাবি, দু’বছর আগে এই দিনটিতেই উত্তর দিনাজপুর জেলার একটি স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে জনতার বিক্ষোভে পুলিশ গুলি চালালে বিজেপির দু’জন কর্মী নিহত হন। তাদের স্মৃতিতেই এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে স্মরণযোগ্য।

দলটি পশ্চিমবঙ্গে ২০ সেপ্টেম্বর  ‘মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করছে। দলীয় নেতৃত্ব এ জন্য সোশ্যাল মিডিয়াতে জোরালো প্রচারণাও চালাচ্ছেন। 

 ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসও মনে করছে, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের জায়গায় বিজেপির নতুন এই দিবসের আমদানি স্রেফ ইতিহাস বিকৃত করার চেষ্টা ছাড়া কিছুই নয়।

বস্তুত পূর্ব পাকিস্তানে বাহান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে জাতিসংঘ যে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ তথা বাকি দুনিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গও প্রধানত সেই দিনটিকেই মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকে। এ ছাড়া ‘৬১তে বরাক উপত্যকার ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের ১৯শে মে তারিখটিতেও পশ্চিমবঙ্গে বেশ কিছু অনুষ্ঠান হয়।

তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গত কয়েকদিন ধরেই ফেসবুক ও সোশ্যাল মিডিয়াতে জোরালো প্রচার চালাচ্ছেন যে এখন মাতৃভাষা দিবস পালন করা উচিত ২০শে সেপ্টেম্বর। কারণ হিসেবে তিনি বলছেন, রাজ্যে উর্দুর আগ্রাসনের প্রতিবাদে এই দিনেই পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন দাড়িভিটের বিজেপি সমর্থক দুই যুবক, তাপস বর্মন ও রাজেশ সরকার।

আর রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সিনিয়র এমপি ও মুখপাত্র কাকলি ঘোষদস্তিদার বলছেন, নতুন তারিখে মাতৃভাষা দিবস পালন আসলে বিজেপির একটা পুরনো কৌশলের অংশ। তার কথায়, বিজেপি যেভাবে ইতিহাস বদলে দেয়ার খেলায় নেমেছে, এটাও সেরকমই একটা চেষ্টা। এমনকী, গান্ধীর নামে যে সব সামাজিক প্রকল্প চালু আছে সেগুলোও তারা নিজেদের ভাবাদর্শের অনুসারী লোকজনের নামে নামকরণ করছে। ভাষা দিবস চালুর ব্যাপারটাও সেরকমই।

জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জিকে উদ্ধৃত করে, দিনাজপুরের ‘ভাষা-শহীদ’দের স্মরণ করে বিজেপি পশ্চিমবঙ্গে নতুন একটা মাতৃভাষা দিবস চালু করতে চাইছে ঠিকই – কিন্তু বিজেপি যে শুধু হিন্দি-ভাষাভাষীদের দল নয় রাজ্যে সেই ধারণাটা প্রতিষ্ঠা করা তাদের কাছে এখনও বিরাট চ্যালেঞ্জ। 

 

 

Exit mobile version