সন্ধান২৪.কম: অপ্রতিরোধ্য নুরুদ্দিনকে দেখলে, সুকুমার রায় বা ’আদু ভাই’এর লেখক আবুল মনসুর আহমেদকে বোধহয় অন্য ভাবে ভাবতেই হত। বত্রিশ বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করার পরও অদম্য ছিলেন হায়দরাবাদের এই প্রৌঢ়। শেষে পর্যন্ত তেত্রিশ বছরের তাঁর অধ্যাবসায় ফল দিল, পাশ করে গেলেন ম্যাট্রিকে।
হায়দরাবাদের নুরুদ্দিন সেই ১৯৮৭ সাল থেকে দশম শ্রেণির পরীক্ষায় বসা শুরু করেছিলেন। কিন্তু সেই যাত্রা যেন কোনও ভাবেই শেষ আর হচ্ছিল না। কিছুতেই পাশ করতে পারছিলেন না ম্যাট্রিক, প্রতিবারই ইংরেজির বাধা টপকানো সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে। কিন্তু এবার তিনি তিনি নিজেকে ম্যাট্রিক পাশ বলতে পারেন। এত দিন মহম্মদ নুরুদ্দিন সরাসরি পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু এই বছরই তিনি ওপেন এগজামিনেশনে বসেন। এর জন্য তাঁকে তিন হাজার টাকা রেজিস্ট্রেশন ফি-ও দিতে হয়। তবে সম্ভবত করোনাই তাঁর এই হার না মানা পণ শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখাল।
করোনার অতিমারির জেরে এ বছর দশম শ্রেণিরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তেলাঙ্গানায়। সরকার সিদ্ধান্ত নেয়, সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। আর গত ৩২ বছরে যা হয়নি এবার তা হয়ে গেল, পাশের তালিকায় নাম উঠে গেল ৫১ বছরে মহম্মদ নুরুদ্দিনেরও।
