সন্ধান২৪.কমঃ ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গ্রেফতার না থাকা এই তিন উত্তর কোরীয় নাগরিককে ক্ষতিকর ক্রিপ্টোকারেন্সি কর্মসূচি চালানোর অভিযোগও আনা হয়েছে।
এছাড়া অর্থ পাচারে অভিযুক্ত হয়েছে এক কানাডীয়-মার্কিন নাগরিক। সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে এরা অর্থ পাচারে যুক্ত ছিল ।ধারণা করা হচ্ছে অভিযুক্ত তিন জনই উত্তর কোরিয়ায় অবস্থান করছে। তবে অভিযোগের মুখোমুখি হতে তাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না।
অভিযোগ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেছেন, উত্তর কোরিয়া পতাকা নিয়ে একটি অপরাধী সিন্ডিকেটে পরিণত হয়েছে। অভিযুক্তদের একজন পার্ক জিন হাইয়োক দুই বছর আগে ২০১৪ সালে সনি এন্টারটেইনমেন্ট পিকাচারস হ্যাকিংয়ে অভিযুক্ত হয়েছিলেন। আর এবারে তার সঙ্গে জন চ্যাং হাইয়োক এবং কিম ইলকে অপরাধের ষড়যন্ত্র, নেটওয়ার্ক এবং ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তরা উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকন্নাইসান্স জেনারেল ব্যুরোর সঙ্গে কাজ করে। সহকারি অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, ‘বন্দুকের পরিবর্তে কিবোর্ড ব্যবহার করে বস্তা ভর্তি টাকার বদলে ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল ওয়ালেট চুরি করা উত্তর কোরিয়ার ক্রীড়নকরা বিশ্বের শীর্ষ স্থানীয় ব্যাংক ডাকাত।’
