সন্ধান ২৪.কম:কোভ্যাক্স’র মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯’র আরো ১০ মিলিয়ন (১ কোটি) ডোজ টিকা অনুদান প্রদান করেছে। সর্বশেষ এই অনুদানটির মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুদানকৃত কোভিড-১৯’র টিকার সর্ববৃহৎ গ্রহীতা হয়ে উঠেছে এবং এখন পর্যন্ত মোট ৬১ মিলিয়ন (৬ কোটি ১০ লক্ষ) ডোজ টিকা প্রদান করা হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়ে বলেছেঃ ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা অনুদানের মাধ্যমে বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবেলায় নেতৃত্বদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের তৈরি টিকার এই ধারাবাহিক অনুদান প্রদান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ বলেছেন, “ফাইজারের তৈরি টিকার সর্বশেষ এই অনুদানের মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যেকার অংশীদারিত্ব ও বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশকে কোভিড-১৯’র টিকা বেশি প্রদানে আমেরিকার জনগণের উদারতার বিষয়টিই উঠে এসেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে নিরাপদে ও দক্ষতার সাথে মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশ সরকার ও টিকা কার্যক্রমের দ্রুত সম্প্রসারণে সম্পৃক্ত সকল অংশীদারের কাজের প্রতিফলন ঘটেছে।”
দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়ঃ জাতীয় কোভিড-১৯ টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ৯,০০০’রও বেশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ শীতলীকৃত মজুদ ও পরিবহন (cold-chain storage and transportation) ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করেছে।
