সন্ধান২৪.কম: আগামী অক্টোবরে কার্যকরী কমিটির নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্কে আমব্রেলা সংগঠন হিসেবে খ্যাত বাংলাদেশ সোসাইটির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত ১২ এবং ১৩ মে বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে প্রথম সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।
এর পর পর্যায়ক্রমে সদস্য সংগ্রহ করা হবে ১৮ মে ওজনপার্কে মতিন রেস্টুরেন্টের সামনে, জ্যামাইকায় স্টার কাবাবের সামনে ১৯ মে, ব্রঙ্কসে নীরব রেস্টুরেন্টের সামনে ২৭ মে ও ব্রæকলিনে রাঁধুনী রেস্টুরেন্টের সামনে ২ জুন। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও কোষাধ্যক্ষ নওশাদ হোসেন জানিয়েছেন, গত দুইদিনে প্রায় অর্ধশতাধিক মানুষ সদস্য ফরম পূরণ করেছেন। তবে দিনে দিনে সংসদ্য হওয়ার সংখ্যা বাড়তে থাকবে বলে তারা দুইজন মত প্রকাশ করেন।
সদস্য সংগ্রহ অভিযানের প্রথম দুইদিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাবেক সভাপতি এম আজিজ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি ফারুক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূইয়া, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরি সদস্য সাদী মিন্টু, আকতার হামিদ।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া জানান, আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সোসাইটির নির্বাচন এবং ৩০ জনের মধ্যে সদস্য নিবন্ধনের শেষ সময়। যে কারণে আমরা প্রবাসী বাংলাদেশি বসবাসকারী এলাকাগুলোতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি। মূলত প্রচারের জন্যই এই সদস্য সংগ্রের কর্মসূচী গ্রহন করা হয়েছে। গতবার নির্বাচনের আগে সোসাইটির ভোটারের সংখ্যা ছিল ২৭ হাজারের বেশী।
বাংলাদেশ সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী অক্টোবর মাসে নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় অ্যাডভোকেট জামাল আহমেদ জনিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।


