সন্ধান২৪.কমঃ মহামারি করোনাভাইরাসের কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি সাফ ফুটবল। এ বছর ১৪-২৫ সেপ্টেম্বর ঢাকায় হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট। কিন্তু এ বছরও সাফ ফুটবল অনিশ্চিত।
যদিও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নিয়ন্ত্রক সংস্থা। তবে শিগগিরই সাফভুক্ত দেশগুলোর সঙ্গে সভায় বসার কথা রয়েছে । একই মাসে (সেপ্টেম্বর) কয়েকটি প্রতিযোগিতার সূচি হওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ ধরেই এগোনো হচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে অন্য দেশগুলোর চাওয়ার ওপর। সাফের দেশগুলোর সঙ্গে শিগগিরই এ নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।
শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানায়, ১০-১৯ সেপ্টেম্বর তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। সেখানে বাংলাদেশ যে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে তার মধ্যে রয়েছে ফুটবলও। একই সঙ্গে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোও রয়েছে। তখন সব দেশের জাতীয় দলও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে।


