সন্ধান২৪.কমঃ ভারতের উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে, ধর্মীয় বিভেদের রাজনীতি মানুষ প্রত্যাক্ষান করেছে। সেখানে এবার এক মুসলিম ধর্মগুরুকে গ্রাম পঞ্চায়েত হিসেবে নির্বাচিত করেছে সাধারণ মানুষ। তা-ও আবার সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। অযোধ্যা বিধানসভা কেন্দ্রের রুদৌলী তহশিলের অন্তর্গত রাজনপুরের ঘটনা এটি।
বিজেপির শাসনকালে হিন্দি বলয়ের রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ যদি হিন্দুত্বের প্রভাব সবচেয়ে বেড়ে গিয়ে থাকে, তবে অযোধ্যা তার কেন্দ্র। সেখানে এই পরিবর্তন আগামী দিনে রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।
ছয় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ৬০০ ভোটের মধ্যে ২০০ ভোট পেয়ে পঞ্চায়েতে নির্বাচিত হলেন স্থানীয় মুসলিম ধর্মগুরু হাফিজ আজিমউদ্দিন। নিজের জয়কে ঈদের উপহার হিসেবেই দেখছেন হাফিজ। একই সঙ্গে এই নির্বাচনকে শান্তি এবং সৌভ্রাতৃত্বের বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রাও।
হাফিজ পেশায় কৃষক মূলত দানাশস্য, সবজি এবং ফলের চাষ করেন। উত্তরাধিকারসূত্রে পাওয়া ৫০ বিঘা জমি রয়েছে তাঁর। এ ছাড়া মাদরাসা শিক্ষার ডিগ্রি রয়েছে তার। মাদরাসায় ১০ বছর শিক্ষকতাও করেছেন তিনি। স্থানীয় বাসিন্দা গিরীশ রাওয়ত বলেন, ‘এটা একটা ছোট নির্বাচন হলেও, সাম্প্রদায়িক সম্প্রীতিই ফুটে উঠেছে ফলাফলে।’ শেখর শাহু নামের অন্য এক বাসিন্দা বলেন, ‘আমরা ধর্মের নামে ভোট দিইনি। নিজেদের জন্য কী ভালো, তা মাথায় রেখেই ভোট দিয়েছি। আমরা মনে-প্রাণে হিন্দু। কিন্তু ধর্মনিরপেক্ষতার আদর্শই যে আমাদের আদর্শ, তা এই নির্বাচনেই স্পষ্ট।’
সূত্র : আনন্দবাজার।


