গত কয়েক বছর ধরেই অভিনয়ের জন্য আলোচিত হচ্ছেন নাজিয়া হক অর্ষা। সেই ধারাবাহিকতা বজায় রেখে আরেকটি আলোচিত কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এটির নাম ‘সাহস’। ১৬ জুন এটি চরকির পর্দায় অবমুক্ত হয়েছে।
এটির গল্পে দেখা যাবে- বাগেরহাটের দুই পাশে নদী আর পেছনে জঙ্গল। জীবন এখানে প্রকৃতির মতোই খেয়ালি, ঝড়-ঝঞ্ঝা অবিরাম। এরই মাঝে ফুল হয়ে ফুটতে চায় নীলা-রায়হানের প্রেম। কিন্তু আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয় সব। ঘুরে যায় জীবনের কম্পাস। তবুও দমে না তারা। বুকে সাহস নিয়ে ঘুরে দাঁড়ায়, লড়াই করে প্রাণপণ।
এমন একটি গল্প নিয়ে সাজ্জাদ খান নির্মাণ করেছেন ওয়েব সিনেমা ‘সাহস’। সিনেমার রায়হান চরিত্র দেখা যাবে ইমরানকে। এ সিনেমার প্রধান নারী চরিত্রে আছেন নাজিয়া হক অর্ষা। তিনি বলেন, এরকম গল্পের সঙ্গে কাজ করতে পারলে আমার বরাবরই ভালো লাগে। কারণ সমসাময়িক যে ধরনের গল্প হয় তা থেকে আলাদা এটি। একটা লোকাল অঞ্চলের চিন্তা-চেতনা, সংস্কৃতির সঙ্গে মিল রেখে একটা সিনেমা খুব রেয়ারলি হয়।
বাগেরহাটের লোকাল ভাষায় কাজ করা প্রসঙ্গে অর্ষা বলেন, আমি বাগেরহাটে গিয়ে জানতে পারি সেখানকার লোকাল ভাষায় শুটিং হবে। প্রথমে বেশ ভয়ই পেয়েছিলাম। কিন্তু সবার সহযোগিতায় কাজটা শেষ করেছি। জানি না দর্শকের কতটুকু ভালো লাগবে।


