সন্ধান২৪.কম : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য শনিবার রাতে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)-এ ভর্তি করানো হয়েছে। যদিও এমসের তরফে জানানো হয়েছে, কোভিড পরবর্তী শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সপ্তাহ দু’য়েক আগে এমস থেকেই ছাড়া পেয়েছিলেন অমিত। কোভিড পরবর্তী চিকিৎসার জন্য সেখানে ভর্তি ছিলেন তিনি। সূত্রের খবর, গত কাল রাত ১১টা নাগাদ তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এর পর রাতেই অমিতকে এমসে নিয়ে যাওয়া হয়। তবে এ দিন সকালে এমসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কোভিড চিকিৎসার পর গত ৩০ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নয়াদিল্লির এমস থেকে ছেড়ে দেওয়া হয়। সে সময়কার পরামর্শ অনুযায়ী, সংসদের অধিবেশনের আগে পুরোপুরি মেডিক্যাল চেকআপের করাতে তাঁকে এক-দু’দিনের জন্য এখানে ভর্তি করানো হয়েছে।’’ এমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে একটি চিকিৎসক দলের পর্যবেক্ষণে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


