সন্ধান২৪.কমঃ বরফজমা হ্রদে তলিয়ে মৃত্যু হলো অ্যারিজোনার তিন বাসিন্দার। গত ২৬ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে আমেরিকার অ্যারিজোনায়।
প্রচন্ড ঠান্ডায় হ্রদের পানি জমে গিয়েছিল। হ্রদের উপরে জমা সেই বরফের উপর দিয়ে হাঁটছিলেন এক মহিলা-সহ তিন জন। আচমকা বরফের আস্তরণ ভেঙে হ্রদের প্রবল ঠান্ডা পানিতে পড়ে যান নারায়ণ, হরিতা ও গোকুল। পড়ামাত্র নারায়ণ ও গোকুল তলিয়ে যান বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি কোনওক্রমে হরিতাকে বাঁচাতে সক্ষম হন। যদিও পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে পুলিশের হস্তক্ষেপে উদ্ধারকারী দল নামে উডস ক্যানিয়ন হ্রদে। শেষ পর্যন্ত পরদিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় নারায়ণ ও গোকুলের দেহ উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন নারায়ণ মুদ্দানা (৪৯), হরিতা মুদ্দানা এবং গোকুল মেডিসেটি (৪৭)। তিন জনই অ্যারিজোনার চান্দলের বাসিন্দা। কোকোনিনো কাউন্টি শেরিফের অফিস থেকে মঙ্গলবার এ প্রসঙ্গে এক বিবৃতি জারি করা হয়েছে।
কোকোনিনো কাউন্টির পুলিশ জানিয়েছে, ওই তিন জন উডস ক্যানিয়ন হ্রদে ঘুরতে গিয়েছিলেন। এই হ্রদটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। প্রচন্ড ঠান্ডায় সেই হ্রদের পানি জমে গিয়েছিল। ওই তিনজন জমে যাওয়ার বরফের উপর দিয়ে হাঁটা শুরু করেন। এক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখা মাত্রই পুলিশের খবর দেন।


