অ্যালার্জির কারণে হৃদরোগ! গবেষণা যা বলছে

অনেকের বিভিন্ন জিনিসে অ্যালার্জি থাকে। কখনো কেউ বিশেষ কিছু খাবার খেলে অ্যালার্জি হয়, কারও আবার অ্যালার্জি দেখা দেয় ধুলোবালিতে। কিন্তু জানেন কি অ্যালার্জির ইতিহাস থাকলে, তা বাড়িয়ে দিতে পারে হৃদযন্ত্রের সমস্যা সংক্রান্ত অসুখ। এমনটাই দাবি করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়।

বিজ্ঞান পত্রিকা ‘সোসাইটি অব কার্ডিওলজি’তে প্রকাশিত একটি গবেষণা বলছে, অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের উচ্চ রক্তচাপ ও সংবহনতন্ত্রের সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদের এই ঝুঁকি সবচেয়ে বেশি।

এই গবেষণায় গত ২০১২ সালে ৩৪ হাজার ৪১৭ জনের চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখেন গবেষকরা। যাদের নথি পরীক্ষা করা হয়েছে, তাদের গড় বয়স ৪৯ বছর ছিল। এদের মধ্যে অর্ধেক ছিলেন নারী। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ১০ হাজার ৪৫ জনের আগে থেকে অ্যালার্জির সমস্যা ছিল।

গবেষণার ফল বলছে, অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫৭ তাদের উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় আশঙ্কা অনেকটাই বেশি। আর ৩৯ থেকে ৫৭ বছর বয়সি ব্যক্তিদের আবার সংবহনতন্ত্রের সমস্যা বেশি দেখা যায়।

অ্যালার্জিজনিত সমস্যার সঙ্গে যদি হাঁপানি থাকে, তাহলে আরও বেড়ে যেতে পারে এই সমস্যা। তবে ঠিক কেন এমন হয়, তা বুঝতে আরও বিশদ গবেষণার প্রয়োজন বলে মত গবেষকদের।

সূত্র : আনন্দবাজার।

Exit mobile version