সন্ধান ২৪.কম:ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন।
ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহের উপস্থিতিতে এ নিলামে অংশ নিয়েছে ১০ ফ্রাঞ্চাইজি। নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে এবার যুক্ত হয়েছে গুজরাট টাইটানস ও লক্ষনউ সুপার জায়ান্টস।
ইতোমধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তারকাদের দলে ভেড়ানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিরা।
যেখানে দল পেয়েছেন গত আসরে চরম অপমানিত হওয়া অসি তারকা ডেভিড ওয়ার্নার।
৬ কোটি ২৫ লাখ রুপিতে ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন এ অসি তারকা।
দলটির অধিনায়কও ছিলেন তিনি। প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি একাদশ থেকেও বাদ দেয় সানরাইজার্স হায়দরাবাদ।
শুধু তাই নয়, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ ছিল, অস্ট্রেলিয়ান তারকাকে সাইড বেঞ্চে বসতে দেওয়া তো দূরে থাক, মাঠে নামারও অনুমতি দেয়নি।
এমনকি তাকে হোটেলে রেখে টিম মেটদের মাঠে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে।
এবারের আসরে হায়দরাবাদে যে যাচ্ছেন না ওয়ার্নার তা নিশ্চিতই ছিল।
তবে আইপিএলে ব্যর্থতার পর একই ভেন্যুতে (সংযুক্ত আরব আমিরাত) জাতীয় দলের হয়ে দুর্দান্ত ব্যাট করেন ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপমঞ্চে ছড়ি ঘোরান তিনি। সবমিলিয়ে রান করলেন ২৮৯ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওয়ার্নারের ঝড়ো ইনিংসে ।নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।
