সন্ধান২৪.কম : করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় আগেই ১৫ লাখ কবর খুঁড়ছে দক্ষিণ আফ্রিকা। প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়েই ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। গত বছরের ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া এ ভাইরাস এরই মধ্যে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তাই ভয়ঙ্কর দিনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে রাখছে আফ্রিকার এই দেশটি।

দক্ষিণ আফ্রিকার গাওতেং প্রদেশে ১৫ লাখ কবর খোঁড়া হচ্ছে। সেখানকার প্রশাসনের এমন উদ্যোগ নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। দেশটির করোনার ‘হটস্পট’ গাওতেং প্রদেশ। সেখানকার মেডিকেল কাউন্সিলের সদস্য ডা. বান্দিলে মাসুকু জানিয়েছেন, বাধ্য হয়েই তাদের এমন অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে অনেকেই বলছেন, প্রশাসন আসলে নিজেদের ব্যর্থতা ঢাকতে এমন নিন্দনীয় কাজ শুরু করেছে।
নভেল করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। আন্তর্জাতিক জরিপ সংস্থা ‘ওয়ার্ল্ডোমিটার’র তথ্যমতে, প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র আর তৃতীয় অবস্থানে ভারত। দেশ দুটিতে প্রতিদিনই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রে। আগেরদিন যা ছিল ৬০ হাজার। অন্যদিকে, ভারতে ২৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সংবাদসূত্র : বিবিসি, আল-জাজিরা, এনডিটিভি


