সন্ধান২৪.কমঃ আপনজন কেউ না থাকায় হাসপাতালই ঠিকানা হয়ে উঠা সেই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন মো. সেলিম খান নামে এক আমেরিকা প্রবাসী। কালের কণ্ঠের অনলাইনে বৃদ্ধা পারভীন আক্তারের বিষয়ে সংবাদ প্রকাশের পর তিনি পাশে থাকার কথা জানান।
আখাউড়া পৌর এলাকার মালদারপাড়ার সেলিম খান এ প্রতিবেদককে জানান, কালের কণ্ঠের খবরটি তাঁর নজরে এসেছে। ওই বৃদ্ধার নিয়মিত খাবারের ব্যবস্থা তিনি করতে চান। তবে এ প্রতিবেদকের সঙ্গে আলোচনা করে ওই বৃদ্ধাকে নতুন কম্বল, শাড়ি, বিছানার চাদরসহ কিছু জিনিসপত্র দিবেন বলে জানান। বুধবার এসব জিনিস পৌঁছে দেয়ার কথা।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নারীদের ওয়ার্ডের মেঝেতে ঠাই হয়েছে পারভীন আক্তারের। বয়সের ভারে যেসব সমস্যা থাকে সেগুলোর লক্ষণ আছে শরীরে। তবে তিনি রোগী নন। তবু থাকা আর ভাতের নিশ্চয়তায় হাসপাতালে অবস্থান।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনি প্রায় তিন মাসের মতো হাসপাতালে চিকিৎসা নেন। পরে আবার ৬ জানুয়ারি ভর্তি হয়ে এখন পর্যন্ত হাসপাতালেই আছেন। এ নিয়ে মঙ্গলবার সকালে কালের কণ্ঠের অনলাইনে ‘আপন কেউ নেই, হাসপাতালই ঠিকানা বৃদ্ধা পারভীনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।’


