আফগানিস্তানের অর্থ টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের বিলিয়ে দেবেন বাইডেন!

সন্ধান ২৪.কম:যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন আফগানিস্তানের ৭ বিলিয়ন ডলারের অর্ধেক টাকা ২০০১ সালের টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেওয়ার পরিকল্পনা করছে। খবর আল জাজিরা।

প্রেসিডেন্ট জো বাইডেন ৭ বিলিয়ন ডলারের বাকি অর্ধেক টাকা আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে ব্যয় করবেন বলেও জানা গেছে।

২০২১ সালের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপরই আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র।

এই টাকা ছেড়ে দেওয়ার জন্য কয়েক মাস ধরে অনুরোধ জানিয়ে আসছে তালেবান। তবে তালেবানের হাতে সরাসরি এ টাকা দিতে রাজী নয় যুক্তরাষ্ট্র।

গণমাধ্যম রয়টার্স, এপি ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শুক্রবার একটি নির্বাহী আদেশ জারি করবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই নির্বাহী আদেশের ফলে আফগানিস্তানের আটকে রাখা অর্ধেক টাকা টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ভাগ করে ফেলা হবে। আর বাকি অর্ধেক আফগানিস্তানে ব্যয় করা হবে। কিন্তু তালেবানের হাতে সরাসরি দেওয়া হবে না টাকাগুলো।

টুইন টাওয়ার হামলায় যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন।

এদিকে তালেবানের হাতে যুক্তরাষ্ট্র সরাসরি টাকা পৌছে দিতে পারবে না। কারণ তাদের এখনো আফগানিস্তানের সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র।

তাছাড়া যুক্তরাষ্ট্র তালেবানকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে।

Exit mobile version