সন্ধান২৪.কম: তালেবানরা আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি ও বেসরকারি সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনায় নিষেধাজ্ঞা জারি করেছে । এর ফলে প্রদেশটিতে এখন থেকে আর একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না ছাত্রছাত্রীরা।

শনিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি ইন্সটিটিউটগুলোর মালিক এবং তালেবান কর্তৃপক্ষের মধ্যকার অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেরাত প্রদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার শিক্ষার্থী ও ২ হাজার লেকচারার রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত এক পত্র পাঠিয়ে তালেবান জানিয়েছে, সহশিক্ষা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই, সহশিক্ষা বন্ধের কোনো বিকল্পও নেই। তাই সহশিক্ষা অবশ্যই বন্ধ করতে হবে।

সমাজে পচন ধরার মূলেই রয়েছে সহশিক্ষা কার্যক্রম। তাই এটা বন্ধ করতেই হবে। নারী শিক্ষার্থীদের পড়াবেন কেবল নারী শিক্ষকরাই। আবার কোনো ছেলেকে তারা পড়াতে পারবেন না। ছেলেদের ক্ষেত্রে কেবল পুরুষ শিক্ষকরা পাঠদান করবেন।


