আফগানিস্তানে ৩ নারী মিডিয়াকর্মীকে গুলি করে হত্যা

সন্ধান২৪.কমঃ মঙ্গলবার আফগানিস্তানে তিন নারী সংবাদকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।  পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের গুলি করা হয়। এখন পর্যন্ত এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

স্থানীয় টিভি চ্যানেল এনিকাস জানিয়েছে, এসব নারী মিডিয়াকর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করতেন। টেলিভিশন চ্যানেলটির পরিচালক জামলাই লতিফি জানান, কাজ শেষে হেঁটে বাড়ি ফেরার পথে দু’টি পৃথক স্থানে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের সঙ্গে দুইজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। হাইস্কুলে অধ্যয়ন করা এসব নারীর বয়স ১৮ এবং ২০ বছরের মধ্যে।

রয়টার্সের খবরে জানানো হয়, বেশ কিছুদিন থেকেই আফগানিস্তানে শহুরে পেশাজীবীরা চোরাগোপ্তা হামলায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই তিন নারী কর্মস্থল থেকে বাড়ি ফিরবার পথে হামলার মুখে পড়েন। আততায়ীরা তাদের মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় নেয়নি। স্থানীয় তালেবান হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

গত কয়েক মাসে আফগানিস্তানে বেশ কয়েকজন সাংবাদিক, সুশীল সমাজের কর্মী এবং সরকারি মধ্যম পর্যায়ের কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এদের অনেকের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এসব ঘটনায় আফগানিস্তান সরকার ও বিদেশি প্রতিষ্ঠানগুলো তালেবানের ওপর দায় চাপালেও জঙ্গি সংগঠনটি বরাবরই এসব ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। তবে যেসব এলাকায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেখানে ইসলামিক স্টেট জঙ্গিদের তৎপরতা রয়েছে।

 

Exit mobile version